উত্তরা প্রতিনিধি | ঢাকা
বর্তমান সময়ের প্রথাগত রাজনীতির বিপরীতে দাঁড়িয়ে মানবিক ও পরিচ্ছন্ন রাজনীতির এক নতুন বার্তা দিচ্ছেন উত্তরা পশ্চিম থানা বিএনপির প্রভাবশালী নেতা ও সাবেক ছাত্রনেতা সাগর আহমেদ আলী। কেবল পদ-পদবির রাজনীতি নয়, বরং মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে তিনি এখন উত্তরার সাধারণ মানুষের কাছে এক আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
এক যুগেরও বেশি সময় ধরে সক্রিয় রাজনীতির সাথে যুক্ত থাকলেও তার চরিত্রে নেই কোনো কালিমা। চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস কিংবা কিশোর গ্যাংয়ের মতো বিতর্কিত কর্মকাণ্ডের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই—যা বর্তমান সময়ের রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত। পারিবারিকভাবে অত্যন্ত সচ্ছল এই নেতা নিজের সম্পদ কেবল নিজের ভোগের জন্য নয়, বরং সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়াকেই রাজনীতির মূল মন্ত্র হিসেবে বেছে নিয়েছেন।
চলমান পবিত্র রমজান উপলক্ষে ঢাকা-১৮ আসনের জনপ্রিয় নেতা ও সাবেক সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের দিকনির্দেশনায় উত্তরা ৯ নম্বর সেক্টর জামে মসজিদ চত্বরে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি পালন করছেন সাগর আহমেদ আলী। পহেলা রমজান থেকে শুরু হওয়া এই কার্যক্রমে প্রতিদিন শত শত শ্রমজীবী, পথচারী ও দুস্থ মানুষ পরম মমতায় ইফতার গ্রহণ করছেন।
সাগর আহমেদ আলীর এই মানবিক কার্যক্রম কেবল রমজানেই সীমাবদ্ধ নয়। বিগত বছরগুলোতে করোনা মহামারির ভয়াবহ সময়, বন্যা, খরা কিংবা হাড়কাঁপানো শীতে তিনি সাধ্যের সবটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে, এমনকি ব্যক্তিগত বিপদেও তার কাছে গিয়ে কেউ খালি হাতে ফেরেন না—এটি উত্তরার মানুষের মুখে মুখে শোনা যায়।
ইফতার বিতরণ কর্মসূচি সম্পর্কে সাগর আহমেদ আলী জানান, "রাজনীতি মানেই মানুষের সেবা করা। আমাদের নেতা এস এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় আমরা সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি। নিজের সামর্থ্য অনুযায়ী আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারাটাই আমার রাজনীতির বড় সার্থকতা।"
একজন পরিচ্ছন্ন নেতা হিসেবে সাগর আহমেদ আলীর এই কার্যক্রম উত্তরার সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে। স্থানীয়দের মতে, দখল ও ত্রাসের রাজনীতির এই যুগে সাগরের মতো মানবিক নেতার উপস্থিতি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বিনির্মাণে বিশাল ভূমিকা রাখবে।